চিপসেট বিক্রিতে শীর্ষে স্যামসাং
চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোনের অ্যাডভান্সড চিপসেট বিক্রিতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) ছাড়িয়ে গেছে স্যামসাং ইলেকট্রনিকস। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সর্বশেষ তথ্যানুযায়ী, প্রথম প্রান্তিকে স্মার্টফোনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসর থেকে শুরু করে সিস্টেম অন চিপ উৎপাদনে ৫ ন্যানোমিটার বা তার থেকেও জটিল প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে স্যামসাং ৬০ শতাংশ বাজার নিজেদের দখলে রেখেছে। অন্যদিকে টিএসএমসির দখলে ছিল ৪০ শতাংশ।
স্যামসাংয়ের বর্তমান অবস্থানের সঙ্গে এক বছর আগের আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। ২০২১ সালের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের বাজার হিস্যা ছিল মাত্র ৮ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ৯১ দশমিক ৪ শতাংশ নিয়ে শীর্ষে ছিল টিএসএমসি।
মূলত দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির মোবাইল ডিভিশনে স্মার্টফোনের জন্য চিপের ব্যাপক চাহিদা থাকায় বাজার হিস্যায় এ উন্নতি সম্ভব হয়েছে। চাহিদার কারণে প্রথম প্রান্তিকে স্যামসাং ৭ কোটি ৪০ লাখ ইউনিট স্মার্টফোন বাজারজাত করেছে, যা কোভিড-১৯ মহামারী-পূর্ববর্তী স্তরের কাছাকাছি।
প্রতিবেদনে বলা হয়, গ্যালাক্সি এ৫৩ ও এ৩৩ সিরিজের মিডরেঞ্জের স্মার্টফোনের জন্য স্যামসাং ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে এক্সিনোস ১২৮০ চিপ তৈরি করেছিল। এটিও স্যামসাংয়ের বাজার হিস্যা বাড়াতে অবদান রেখেছে।
অন্যদিকে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ সিস্টেম চিপ উৎপাদনে ৪ ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহার শুরু করে। কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, কোয়ালকমের চাহিদা বাড়ার সঙ্গে টিএসএমসি তাদের ৪ ন্যানোমিটার নোডভিত্তিক স্মার্টফোন চিপসেটের বাজারজাতও বেড়ে যাবে।
ডিবিটেক/বিএমটি